জামালপুর শহর ও সদর উপজেলার ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে মেডিকেল রোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে তামালতলা চত্বরে শেষ হয়।
গত ২৪ ডিসেম্বর শহর ও সদর উপজেলা ছাত্রদলের পুরনো কমিটি বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা শহরে মশাল মিছিল, রাস্তা অবরোধ এবং ককটেল বিস্ফোরণের মতো কর্মসূচি পালন করেছেন।
মিছিলের পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক দফতর সম্পাদক আপেল মাহমুদ, সাবেক যুগ্ম সম্পাদক সৈকত হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক হাদিউল ইসলাম রাব্বি, সাবেক সহ-দপ্তর সম্পাদক পাবেল মাহমুদ এবং শরীফপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান।
তাদের অভিযোগ, দলের ত্যাগী নেতারা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে জড়িত ছিলেন, বিভিন্ন হামলা, মামলা ও জেলজুলুমের শিকার হয়েছেন। হঠাৎ করে সেই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে, যেটিতে ছাত্রদলের অভিজ্ঞ নেতারা বাদ পড়েছেন। নতুন কমিটি বাতিল না হলে আন্দোলন চালিয়ে যাবার হুমকি দিয়েছেন তারা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান শফিক বলেন, “বিগত সময়ে যারা মাঠে কাজ করেছেন, তাদের বাদ দিয়ে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এমনরা যারা পাঁচই আগস্টের পর দলে এসেছে।”
নতুন কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৪ ডিসেম্বর প্রকাশিত হয়। এতে রবিন আহ্মেদকে আহ্বায়ক ও ফাহিম হোসেন পান্নাকে সদস্য সচিব করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ