ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক সড়কের বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট-বাজারসংলগ্ন ইদরার মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন—লালমোহন উপজেলার ভেদুরিয়া গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. মিজান (৩৬), লালমোহন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আজিম উদ্দিন খানের মেয়ে আজমিরী আমরিন (২০) এবং একই উপজেলার মো. রিয়াজ (৪৩)। আজমিরী আমরিন দৈনিক আমার দেশ পত্রিকার লালমোহন উপজেলা প্রতিনিধির মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, লালমোহন থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ভোলা সদর অভিমুখে যাচ্ছিল। পথে মানিকার হাট-বাজারসংলগ্ন ইদরার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
গুরুতর আহত অবস্থায় আজমিরী আমরিনকে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ছাড়া দুর্ঘটনায় আহত অটোরিকশা চালকসহ আরও দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে পাঠানো হলে পরে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ