মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে নিখোঁজের তিন দিন পর উমায়ের হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কাজীপুরা সংলগ্ন নদী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উমায়ের হাসান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা এবং মুক্তার গাজীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সোহাগ ও বায়েজিদ নামে দুই বন্ধু মোবাইল ফোনে কল করে উমায়েরকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় উমায়েরের মা আনার কলি সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গজারিয়া উপজেলার কাজীপুরা এলাকায় মেঘনা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করে। বিকেল আনুমানিক আড়াইটার দিকে মরদেহটির পরিচয় নিশ্চিত করা হয়।
নিহতের মা আনার কলি অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকেই উমায়েরের সঙ্গে থাকা সোহাগ ও বায়েজিদ পলাতক রয়েছে এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। তার দাবি, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ