বড়দিনের ঠিক আগে কানাডার ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার এক পাইলটকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত ২৩ ডিসেম্বর দিল্লিগামী এআই–১৮৬ ফ্লাইট পরিচালনার প্রস্তুতিকালে ওই পাইলটকে দায়িত্ব পালনের অযোগ্য বিবেচনায় আটক করে কানাডিয়ান কর্তৃপক্ষ।
সূত্র জানায়, বিমানবন্দরের ডিউটি-ফ্রি স্টোরের এক কর্মী পাইলটের কাছ থেকে অ্যালকোহলের গন্ধ পান বা তাকে মদ্যপান করতে দেখেন বলে সন্দেহ করেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে পাইলটের ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা করা হলে ফলাফল নেতিবাচক আসে। তবে এরপরও তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়। এ ঘটনায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে না পারায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে সরাসরি মদ্যপানের অভিযোগ উল্লেখ না করলেও জানিয়েছে, ‘ডিউটি পালনের জন্য প্রয়োজনীয় শারীরিক ও মানসিক সক্ষমতা’ না থাকায় সংশ্লিষ্ট ককপিট ক্রু সদস্যকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়। যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিকল্প পাইলট নিয়োগ করা হয়। ফলে দিল্লিগামী ফ্লাইটটি কিছুটা বিলম্বে ছেড়ে যায়।
সংস্থাটি আরও জানিয়েছে, নিয়ম লঙ্ঘনের বিষয়ে তারা কোনো ধরনের ছাড় দেবে না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত পাইলটকে উড়ান পরিষেবা থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিক ঘটনায় এয়ার ইন্ডিয়া চাপের মুখে পড়েছে। ভ্যাঙ্কুভারের ঘটনার পাশাপাশি দিল্লি থেকে টোকিও রুটে পর্যাপ্ত নিরাপত্তা ও বিধিনিষেধ না মেনে ফ্লাইট পরিচালনার অভিযোগে এয়ার ইন্ডিয়ার কয়েকজন ক্রু সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ)। এসব ঘটনায় নামী এয়ারলাইন্সটির নিরাপত্তা ও পেশাদারিত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ