বিএনপির প্রতি মানুষের যে বিপুল আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তৈরি হয়েছে, তা পূরণ করা সম্ভব হবে কি না—এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ শঙ্কার কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে শারীরিকভাবে উপস্থিত নেই, তবে তিনি মানুষের অন্তরে রয়েছেন। তিনি “গণতন্ত্রের মা” হিসেবে খেতাবপ্রাপ্ত ও ভূষিত হয়েছেন।’
বেগম জিয়ার জানাজায় জনসমাগমের প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজধানীতে অসংখ্য মানুষ তার জানাজায় শরিক হয়েছেন। আর যারা সরাসরি উপস্থিত থাকতে পারেননি, তারা গায়েবানা জানাজায় অংশ নিয়েছেন। এটি পৃথিবীর সর্ববৃহৎ জানাজাগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কত মানুষ জানাজায় অংশ নিয়েছেন, তার কোনো নির্দিষ্ট পরিসংখ্যান নেই। ভবিষ্যতে হয়তো অনুমানভিত্তিক তথ্য দেওয়া যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববাসী দেখেছে, কীভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে একজন সাধারণ গৃহিণী বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রতীক ও রক্ষকে পরিণত হয়েছেন। গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে তিনি নিজের জীবন, সন্তান ও পরিবার—সবকিছু ত্যাগ করেছেন।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশ ও দেশের মানুষের প্রতি বেগম জিয়ার যে টান, ভালোবাসা, ভক্তি ও দেশপ্রেম—তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু হারালেও এমন এক উচ্চতায় পৌঁছেছেন, যেখানে পৃথিবীর খুব কম মানুষের নামই লেখা আছে।’
বেগম জিয়ার ত্যাগ, সংগ্রাম ও আদর্শকে ধারণ করে সামনের দিনে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে তিনি বলেন, ‘এটাই জাতির দাবি। তিনি কেবল বিএনপির নেত্রী নন, গণতন্ত্রকামী মানুষের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দেশের মানুষ তাকে সেই মর্যাদাতেই আসীন করেছে। অন্যথায় তাকে হারানোর বেদনা কখনোই পূর্ণতা পেত না।’
মানুষের প্রত্যাশা পূরণ নিয়ে নিজের শঙ্কার কথা তুলে ধরে তিনি বলেন, ‘দেশের মানুষের আশা ও আকাঙ্ক্ষা আজ যে উচ্চতায় পৌঁছেছে, আমরা সত্যিকার অর্থে তা পূরণ করতে পারবো কি না—সেটা নিয়ে আমি শঙ্কিত। মানুষের প্রত্যাশা আকাশসম হয়ে গেছে। সীমিত সামর্থ্য ও অর্থনৈতিক বাস্তবতার মধ্যে সবাইকে ঐক্যবদ্ধ রেখে সেই প্রত্যাশা কতটা বাস্তবায়ন করা যাবে, সেটাই বড় প্রশ্ন। তবুও আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। জাতিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদেরই।’
নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বেগম জিয়ার শোককে শক্তিতে রূপান্তর করতে চাই। তবে এটিকে সংকীর্ণ দলীয় স্বার্থে নির্বাচনী কাজে ব্যবহার করতে চাই না। আমরা তার শোককে জাতি বিনির্মাণের কাজে লাগাতে চাই। মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি শারীরিকভাবে আর নেই, সেহেতু তার মনোনয়ন স্বাভাবিকভাবেই বাতিল বলে গণ্য হবে। বিকল্প হিসেবে যাদের নাম রয়েছে, বাছাই শেষে তারাই দলের প্রার্থী হবেন।’
নির্বাচন পেছানোর কোনো আইনি সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘প্রার্থী বাছাই ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনগত জটিলতা তৈরি হতে পারত। কিন্তু বাছাইয়ের আগেই তিনি ইন্তেকাল করায় সে ধরনের পরিস্থিতি নেই। ফলে তার মনোনয়ন কার্যকর হওয়ার প্রশ্নই ওঠে না।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের শোকে ভেঙে পড়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে শক্ত মনোবল নিয়েই এগোতে হবে—এর কোনো বিকল্প নেই।’
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ