গত কয়েক দিন ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ঘিরে আলোচনার কেন্দ্রে ছিলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। তাঁর আইপিএলে খেলা নিয়ে হঠাৎ করে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো। এবারের আইপিএলে আর খেলতে পারছেন না মোস্তাফিজ।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আজ ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক দেবজিৎ সাইকিয়া বলেন, ‘সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে, তারা যেন বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে মুক্তি দেয়। প্রয়োজনে বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেওয়া হবে।’
সাইকিয়া জানান, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শুরুতে বোর্ড ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি অনুসরণ করেছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিবেচনায় নিয়েই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।
মোস্তাফিজকে দলে নেওয়াকে কেন্দ্র করে এরই মধ্যে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে পড়েন কেকেআরের মালিক ও বলিউড তারকা শাহরুখ খান। একাধিক হিন্দু ধর্মগুরু ও বিজেপি নেতা তাঁকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন। পাল্টা প্রতিক্রিয়ায় কংগ্রেস এ ঘটনাকে ভারতের বহুত্ববাদী চেতনার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছে।
এই বিতর্কে বিজেপি নেতা সঙ্গীত সোমও যোগ দেন। তিনি শাহরুখ খানকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করে দাবি করেন, ভারতবিরোধী কর্মকাণ্ডে জড়িত একটি দেশের খেলোয়াড়ের পেছনে বিনিয়োগ করা হচ্ছে। এএনআইকে দেওয়া বক্তব্যে সঙ্গীত সোম বলেন, যেকোনো মূল্যে মোস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়া হবে না এবং তিনি বিমানবন্দর থেকেই বেরোতে পারবেন না বলেও মন্তব্য করেন।
তবে এর আগে এই বিতর্কের মধ্যেও বিসিসিআইয়ের এক কর্মকর্তা মোস্তাফিজের আইপিএল খেলা নিয়ে শঙ্কা দেখেননি। ইনসাইডস্পোর্টকে তিনি বলেছিলেন, ‘বিষয়টি সংবেদনশীল, আমরা তা বুঝি। কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা সব সময় সরকারের সঙ্গে যোগাযোগ রাখি। কিন্তু বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার কোনো নির্দেশ আসেনি। বাংলাদেশ আমাদের শত্রু দেশ নয়, তাই মোস্তাফিজ অবশ্যই আইপিএল খেলবেন।’
উল্লেখ্য, ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মোস্তাফিজের। অভিষেক আসরেই শিরোপা জয়ের পাশাপাশি তিনি নির্বাচিত হন সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে। এরপর সানরাইজার্সের পাশাপাশি রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলেছেন তিনি। এবারের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছিলেন মোস্তাফিজ। কেকেআর হতে যাচ্ছিল তাঁর ষষ্ঠ আইপিএল ফ্র্যাঞ্চাইজি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ