সাম্প্রতিক সময়ে প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, অতীতের মতো যদি আবারও কোনো পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে তার ফল ভালো হবে না।
বুধবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনির সঙ্গে বৈঠক করেন জামায়াত নেতারা। এ সময় ইউরোপের বিভিন্ন দেশের কয়েকজন কূটনীতিক উপস্থিত ছিলেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার এই বৈঠকে আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনে জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা আলোচনার বিস্তারিত তুলে ধরেন। নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, বিগত সময়ে দেশে যত রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তার মূল কারণ ছিল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অভাব। ভবিষ্যতেও যদি একই ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে দেশ গভীর সংকটে পড়বে বলে তিনি সতর্ক করেন।
তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে সরকার ও নির্বাচন কমিশনের একটি পক্ষের প্রতি ঝুঁকে পড়া আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে জনগণের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। এই শঙ্কা দূর না হলে জনগণ ফুঁসে উঠতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার ও রাজনৈতিক দলগুলোর করণীয় বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ