ইরানের রাজনৈতিক ও সামরিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিন ধরে অনুসৃত ‘কৌশলগত ধৈর্য’ ও নিয়ন্ত্রিত পাল্টা প্রতিক্রিয়ার পথ থেকে সরে এসে তেহরান এখন আরও কঠোর ও সরাসরি অবস্থানের দিকে অগ্রসর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
তেহরান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের অধীনস্থ ডিফেন্স কাউন্সিল জানিয়েছে—তারা আর কেবল হামলার পর প্রতিক্রিয়া দেখানোর নীতিতে আটকে থাকবে না। নতুন কৌশল অনুযায়ী, শত্রুপক্ষের সম্ভাব্য হামলার প্রস্তুতির স্পষ্ট ইঙ্গিত মিললেই আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
ইরানের নীতি নির্ধারকদের মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কথিত বেআইনি কর্মকাণ্ডের বিপরীতে আন্তর্জাতিক আইন মেনে সীমিত প্রতিক্রিয়া দেখানোর অধ্যায় কার্যত শেষের পথে। আগের বছরগুলোতে ইরান হামলার ক্ষেত্রে মূলত সামরিক স্থাপনাকে লক্ষ্য করে জানমালের ক্ষতি এড়িয়ে চললেও ভবিষ্যতে সেই অবস্থান বদলাতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
এ প্রেক্ষাপটে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির সাম্প্রতিক বক্তব্য বিশেষ গুরুত্ব পাচ্ছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে মার্কিন আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনারা সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের উচিত তাদের সেনাদের নিরাপত্তা নিয়ে ভাবা, কারণ ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হতে পারে তাদেরই।
বিশ্লেষকদের মতে, ইরানের এই তুলনামূলকভাবে কঠোর কৌশলের পেছনে ট্রাম্প প্রশাসনের ওপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়ানোর লক্ষ্যও রয়েছে। তেহরানের ধারণা, নতুন করে মার্কিন সেনাদের ক্ষয়ক্ষতি হলে তা যুক্তরাষ্ট্রের ভেতরে রাজনৈতিক অস্থিরতা বাড়াতে পারে এবং প্রশাসনের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ ছাড়া পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে ইরানের অবস্থানও আলোচনায় এসেছে। এই জলপথে বিঘ্ন ঘটলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে—যা ওয়াশিংটনের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে, তেহরান এমন একটি কৌশলগত বার্তা দিচ্ছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা আরও বাড়াতে পারে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ