আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্রের নজরদারিতে থাকা একটি তেলবাহী ট্যাংকারকে নিরাপত্তা দিতে সাবমেরিনসহ নৌযান মোতায়েন করেছে রাশিয়া। এতে করে আন্তর্জাতিক জলসীমায় বিশ্বের দুই প্রধান সামরিক শক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মার্কিন নিষেধাজ্ঞা ভেঙে ইরানি তেল পরিবহনের অভিযোগে অভিযুক্ত ট্যাংকারটি বর্তমানে আইসল্যান্ড ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের মধ্যবর্তী উত্তর আটলান্টিকের আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছে। জাহাজটির আগের নাম ছিল ‘বেলা–১’, যা পরে পরিবর্তন করে ‘মারিনেরা’ রাখা হয়। এটি গায়ানা থেকে রাশিয়ার পতাকায় পুনঃনিবন্ধিত হয়। অতীতে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বহন করলেও বর্তমানে জাহাজটি খালি রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যাতায়াতকারী নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের বিরুদ্ধে ‘অবরোধ’ আরোপের নির্দেশ দেন। এর জবাবে ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘চুরি’ বলে আখ্যা দেয়।
সিবিএস নিউজকে দেওয়া তথ্য অনুযায়ী, মারিনেরাকে নিরাপত্তা দিতে রাশিয়া একটি সাবমেরিনসহ একাধিক নৌযান মোতায়েন করেছে। এর আগে গত মাসে ক্যারিবীয় সাগরে জাহাজটি ভেনেজুয়েলার দিকে যাচ্ছে সন্দেহে মার্কিন কোস্ট গার্ড সেটিতে ওঠার চেষ্টা করে। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজটি জব্দের জন্য তাদের কাছে পরোয়ানাও ছিল। তবে পরিস্থিতির মধ্যেই হঠাৎ দিক পরিবর্তন করে জাহাজটি ইউরোপের দিকে যাত্রা শুরু করে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি সামরিক পরিবহন বিমান ও হেলিকপ্টার ইউরোপীয় অঞ্চলে পৌঁছায় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে বলা হয়, রুশ পতাকাবাহী জাহাজটি আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে উত্তর আটলান্টিকের আন্তর্জাতিক জলসীমায় চলাচল করছে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর অতিরিক্ত নজরদারির কারণ তাদের কাছে স্পষ্ট নয় বলে দাবি করে রাশিয়া, জাহাজটিকে একটি শান্তিপূর্ণ বাণিজ্যিক জাহাজ হিসেবে উল্লেখ করা হয়।
এদিকে সিবিএস নিউজকে দেওয়া মন্তব্যে মার্কিন কর্মকর্তারা জানান, জাহাজটি ডুবিয়ে না দিয়ে দখলে নেওয়ার দিকেই যুক্তরাষ্ট্রের আগ্রহ বেশি।
বিবিসি ভেরিফাই রাশিয়া টুডের প্রকাশিত একটি ভিডিও বিশ্লেষণ করেছে, যা ট্যাংকারটির ভেতর থেকে ধারণ করা বলে দাবি করা হয়। ভিডিওতে দূরে একটি জাহাজ দেখা যায়, যার অবয়ব মার্কিন কোস্ট গার্ডের লেজেন্ড শ্রেণির কাটারের সঙ্গে মিল রয়েছে। জাহাজ পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের এআইএস তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল পর্যন্ত মারিনেরা আইসল্যান্ড উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। আগের ট্র্যাকিং ডেটা বলছে, গত দুই দিনে এটি যুক্তরাজ্যের পশ্চিম উপকূল ঘেঁষে উত্তর দিকে অগ্রসর হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ