ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনায় এবার চীনের সুরে কথা বললেন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জার্মানি।
মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টেইনমেয়ার বলেছেন, যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ বিশ্ব শৃঙ্খলাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, বৈশ্বিক ব্যবস্থা যেন ‘লুটের আড্ডায়’ পরিণত না হয় এবং নীতিহীন শক্তিগুলো যেন ইচ্ছেমতো দখলদারিত্ব চালাতে না পারে—সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
যদিও স্টেইনমেয়ার সরাসরি ভেনেজুয়েলায় মার্কিন হামলার কথা উল্লেখ করেননি, তবে বিশ্লেষকদের মতে তার বক্তব্যের ইঙ্গিত স্পষ্টভাবেই ওই ঘটনার দিকেই।
এর আগে ভেনেজুয়েলা ইস্যুতে একই ধরনের কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, একতরফা আধিপত্যবাদ আন্তর্জাতিক শৃঙ্খলাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। শি জিনপিং আরও বলেন, প্রতিটি দেশের জনগণ যে উন্নয়নের পথ বেছে নেয়, তা সম্মান করা এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ মেনে চলা সকল রাষ্ট্রের দায়িত্ব—বিশেষ করে বৃহৎ শক্তিগুলোর।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রের সেনারা। এ ঘটনার পর থেকেই চীন প্রকাশ্যে ভেনেজুয়েলার পক্ষে অবস্থান নেয়। বেইজিং একাধিক বিবৃতিতে অবিলম্বে মাদুরো দম্পতির মুক্তি দাবি করে এবং প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।
চীনের সেই অবস্থানের পর এবার একই সুরে কথা বললেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টেইনমেয়ার।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ