সীমান্তে উত্তেজনা থাকা সত্ত্বেও আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি এ কথা জানান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্তে সন্ত্রাসবাদ ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হলেও পাকিস্তান কখনোই আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। তবে সীমান্তপথে সন্ত্রাসী তৎপরতা পাকিস্তানের জন্য একটি গুরুতর নিরাপত্তা উদ্বেগ বলে উল্লেখ করেন তিনি।
আন্দ্রাবি আরও বলেন, আফগান ভূখণ্ড যেন পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না হয়—এটি নিশ্চিত করতে কাবুল সরকারের কাছ থেকে বাস্তব ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে ইসলামাবাদ। এ বিষয়ে সুস্পষ্ট প্রতিশ্রুতি ছাড়া সন্ত্রাসবাদের স্থায়ী সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তার ভাষায়, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে এলে পাকিস্তান ও আফগানিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি ঘটতে পারে। এই ইস্যু ছাড়া দুই দেশের মধ্যে বড় ধরনের কোনো বিরোধ নেই বলেও জানান তিনি।
ডোহা চুক্তির প্রসঙ্গ তুলে ধরে তাহির হুসেইন আন্দ্রাবি স্মরণ করিয়ে দেন, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির সময় আফগান তালেবানরা তাদের ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূলের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে বাস্তবতায় আফগানিস্তান এখনো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর নিরাপদ আশ্রয়স্থল হয়ে রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুতর সামরিক উত্তেজনার পর পাকিস্তান একাধিক গুরুত্বপূর্ণ সীমান্তপথ বন্ধ করে দেয়। ১৯ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও এখনো সীমান্ত বাণিজ্য পুরোপুরি স্বাভাবিক হয়নি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ