ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের বেইজমেন্ট-২ অডিটোরিয়ামে এ শুনানি শুরু হয়। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফুল কমিশন এসব আপিলের শুনানি গ্রহণ করবে।
ইসি সূত্র জানায়, আপিল দাখিলের শেষ দিন শুক্রবার পর্যন্ত মোট ৬৪৫টি আবেদন জমা পড়েছে। কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম দিন শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এরপর রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি হবে। বাকি আপিলের শুনানির তারিখ ও সময়সূচি শিগগিরই জানানো হবে।
এর আগে সারা দেশে মনোনয়নপত্র বাছাইয়ে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিনে শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৭৬টি আপিল জমা পড়ে। পাঁচ দিনে মোট আপিলের সংখ্যা দাঁড়ায় ৬৪৫টি। সংশ্লিষ্ট ত্রুটি সংশোধনের জন্য আবেদনকারীদের সুযোগ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইসি।
এদিকে নির্বাচনের অন্যান্য সময়সূচি অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ