আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ভারতে দল পাঠাতে অপারগতা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ কারণে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। যদিও এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
ইতোমধ্যে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হলেও টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এমন প্রেক্ষাপটে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, বাংলাদেশের ম্যাচ ভারতে না খেলার দাবি বিসিসিআইয়ের এখতিয়ারভুক্ত নয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।
এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বিসিবি আইসিসিকে একাধিক চিঠি পাঠায়। চিঠিতে তারা অনুরোধ করে, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তর করা হোক।
বিসিবির এই অবস্থানের পেছনে রয়েছে বিসিসিআইয়ের একটি বিতর্কিত সিদ্ধান্ত। আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেয় বিসিসিআই। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীর হুমকির পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
গত শুক্রবার (৯ জানুয়ারি) মুম্বাইয়ে বিসিসিআইয়ের শীর্ষ কর্মকর্তারা সেন্টার অব এক্সেলেন্সের (সিওই) কার্যক্রমসহ যুব ক্রিকেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, সভাপতি মিথুন মানহাস, সহ-সভাপতি রাজীব শুক্লা এবং সিওই প্রধান ভিভিএস লক্ষ্মণ।
বৈঠক শেষে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার অনুরোধ নিয়ে প্রশ্ন করা হলে দেবজিৎ সাইকিয়া বলেন, বিষয়টি বিসিসিআইয়ের নিয়ন্ত্রণাধীন নয়। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, “এই বৈঠকটি সিওই ও অন্যান্য ক্রিকেট সংক্রান্ত বিষয় নিয়ে ছিল। টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও ম্যাচ আয়োজন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসিই নেবে।”
টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ঘোষিত স্কোয়াড হলো—
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ