ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও অক্সিডেন্টাল উপকূলে শনিবার রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮। দেশটির বিভিন্ন অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
ফিলিপাইনের সরকারি ভূমিকম্প ও আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলস) এক বিবৃতিতে জানায়, শনিবার স্থানীয় সময় রাত ১০টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
ফিভোলসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় সারাঙ্গানি পৌরসভার বালুত দ্বীপ থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সাগরের তলদেশে। এপিসেন্টারের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। তবে শক্তিশালী কম্পন ও সাগরের তলদেশে উৎপত্তিস্থল হলেও এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
এদিকে ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাওসহ মালুঙ্গাওন ও কিয়াম্বা দ্বীপের কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলা অঞ্চলে অবস্থান করায় ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। দেশটিতে নিয়মিত ছোট থেকে মাঝারি ও কখনও বড় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
এর আগে মাত্র চার দিন আগে, গত ৭ জানুয়ারি ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ