পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়েবাড়িতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় বর-কনেসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
রোববার (১১ জানুয়ারি) ভোরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে জিও নিউজ। দেশটির সরকারি প্রশাসক সাহেবজাদা ইউসুফ জানান, বিস্ফোরণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে সিনহুয়া নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন জানান, একটি আবাসিক ভবনের ভেতরে বিয়ের অনুষ্ঠান চলাকালে বিস্ফোরণটি ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। আগুনে পাশের অন্তত চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পরে উদ্ধার অভিযান সম্পন্ন করা হয় এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নাকি গ্যাস লিকেজজনিত দুর্ঘটনা—সে বিষয়ে তদন্ত চলছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ