নোয়াখালী সুপার মার্কেটের ‘নিলয় জুয়েলার্স’-এ সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে একটি দম্পতিও রয়েছে। এ সময় চুরি হওয়া ১২৭ ভরি স্বর্ণের মধ্যে ৯ ভরি ৪ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন মোর্শেদ মহসিন, তার স্ত্রী শিল্পী আক্তার ও তাদের সহযোগী আলা উদ্দিন। পুলিশ জানায়, তারা পেশাদার আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১ জানুয়ারি নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত নিলয় জুয়েলার্সে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ চোর চক্র চুরি সংঘটিত করে। চোরেরা দোকানের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ১২৭ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গরা পাকা সড়ক এলাকা থেকে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে চট্টগ্রামের হাটহাজারী থানার বড়দিঘীর পাড় এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৯ ভরি ৪ আনা ২ রত্তি ৭ পয়েন্ট ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন আরও জানান, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃতরা চুরির ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর উপস্থিত ছিলেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ