আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে যাওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১১ জানুয়ারি) জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি জাপান সফরের বিষয়টি জানান।
এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন (সামাজিক অবদান উৎসাহিতকরণ) ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদলের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ সফর করছেন আকি আবে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রোববার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, সাক্ষাৎকালে আকি আবে তার প্রয়াত স্বামী শিনজো আবের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ ও আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করেন। এ সময় তারা পারস্পরিক স্মৃতিচারণ করেন।
ব্রিফিংয়ে জানানো হয়, সাক্ষাতে আকি আবে আসন্ন নির্বাচন-পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা কীভাবে সময় কাটাবেন এবং তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।
জবাবে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে তিনি মূলত তিনটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।
প্রথমত, ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে কাজ করা হবে, যাতে দেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের পরিবারের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জানতে এবং প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন—এমন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
দ্বিতীয়ত, তরুণদের উন্নয়ন এবং তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে বলে জানান প্রধান উপদেষ্টা।
তৃতীয়ত, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সংশ্লিষ্ট কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
উপ-প্রেস সচিব আরও জানান, আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূস জাপান সফরে যাবেন। সফরকালে সামুদ্রিক গবেষণা, ওশান রিসার্চসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে।
এ সময় ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ