ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ টানা তিন সপ্তাহে গড়িয়েছে। এই সময়ের মধ্যে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত ৬৪৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, সোমবার পর্যন্ত তারা ৫০৫ জন বিক্ষোভকারী, ১১৩ জন সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং পথচারীসহ মোট ৬৪৬ জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে। এছাড়া আরও ৫৭৯ জনের মৃত্যুর খবর তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এইচআরএএনএ আরও জানায়, গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার ৭২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রয়টার্স এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
সংস্থাটি দাবি করেছে, সোমবার তেহরানের বেহেশত জাহরা কবরস্থান থেকে পাওয়া ভিডিও ও প্রতিবেদনে দেখা গেছে, নিহতদের স্বজনরা সেখানে জড়ো হয়ে প্রতিবাদী স্লোগান দিচ্ছেন।
অন্যদিকে, ইরান সরকার বিক্ষোভ চলাকালে সরকারি বাহিনীর সদস্যদের মৃত্যুর তথ্য জানালেও বিক্ষোভকারীদের নিহতের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি। এর আগে তেহরান জানিয়েছিল, সহিংসতায় শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
এদিকে, কয়েকদিন ধরে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকা এবং বিদেশি গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞার কারণে প্রকৃত হতাহতের সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ইরান সরকার এই সহিংসতার জন্য যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং ইসরাইল ও মার্কিন-সমর্থিত গোষ্ঠীগুলোর ভূমিকার অভিযোগ করেছে।
এর আগে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে বলে সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তার এই হুঁশিয়ারির জবাবে তেহরান জানায়, তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে ইরান।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরানে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দেয়। উচ্চ মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ