মাদারীপুর সদর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় তিন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের ছয় জেলার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজৈরের টেকেরহাট থেকে একটি কাভার্ডভ্যান বরিশালের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে সামনে থেকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই নারীসহ দুই ভ্যানযাত্রী নিহত হন এবং দুজন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও এক নারী মারা যান।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ