আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ডা. তাসনিম জারা। এনসিপি থেকে তার সরে দাঁড়ানোকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যখন নানা আলোচনা চলছে, তখন নিজের সিদ্ধান্তের কারণও স্পষ্ট করেছেন তিনি।
ডা. তাসনিম জারা বলেন, দেশের প্রচলিত রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের প্রয়োজনীয়তা থেকেই তিনি দলীয় রাজনীতির বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল। অনেক ক্ষেত্রে যারা ক্ষমতায় আছেন, তারাই নিজেদের জবাবদিহির সীমা নির্ধারণ করেন, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে। এই আলোচনা শুধু চলমান রাখলেই হবে না, বরং ক্ষমতাসীনদের কার্যকর জবাবদিহি নিশ্চিত করাও সময়ের দাবি।
জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে ডা. তাসনিম জারা বলেন, মানুষ আর পুরনো রাজনৈতিক বন্দোবস্ত মেনে নিতে চায় না। পরিবর্তনের এই আকাঙ্ক্ষাই তাকে এনসিপি থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল ডা. তাসনিম জারার। তবে পরে তিনি জানান, আসন্ন সংসদ নির্বাচনে তিনি দলীয় নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই ঢাকা-৯ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ