পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছেন রাজ্যটির বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। কয়লা কেলেঙ্কারি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর করা সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতেই এই মামলা করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) কলকাতার আলিপুর আদালতে মামলাটি দায়ের করেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আদালত থেকে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ পেলে তা জনকল্যাণমূলক কাজে দান করা হবে।
মামলার কপি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে শুভেন্দু লেখেন, ‘মমতা ব্যানার্জি, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি। কয়লা কেলেঙ্কারিতে আমার সম্পৃক্ততা নিয়ে আপনার ভিত্তিহীন ও কল্পিত অভিযোগ এবং আইনি নোটিশের পর আপনার নীরবতা আপনাকে এই পরিস্থিতি থেকে রক্ষা করতে পারবে না।’
তিনি আরও লেখেন, ‘আপনার প্রতারণামূলক বক্তব্যের জন্য আপনাকে আদালতে টেনে আনার কথা বলেছিলাম এবং আমি তা-ই করেছি। আজ আপনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত অভিজ্ঞ আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করুন, নতুবা আপনাকে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে হবে—যার সম্পূর্ণটাই দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে।’
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি কলকাতায় এক রাজনৈতিক সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কয়লা কেলেঙ্কারি প্রসঙ্গে বলেন, কয়লার টাকা বিজেপি নেতৃত্বের কাছে পৌঁছায় বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে। ওই বক্তব্যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করেন, যা নিয়ে তীব্র আপত্তি জানান বিরোধী দলনেতা।
এর পরপরই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে আইনজীবীর মাধ্যমে একটি আইনি নোটিশ পাঠান। নোটিশে মমতা ব্যানার্জির বক্তব্যের পক্ষে প্রামাণ্য নথি ৭২ ঘণ্টার মধ্যে উপস্থাপনের দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন তিনি।
শুভেন্দু অধিকারীর আইনজীবীর দাবি, মুখ্যমন্ত্রীর এ ধরনের মন্তব্যে বিরোধী দলনেতার সামাজিক ভাবমূর্তি ও রাজনৈতিক সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে, যা মানহানির শামিল।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ