ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পরপরই বিমানটি খুঁজে বের করতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। খবর এবিসির।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাসের অপারেশন ডিরেক্টর এডি প্রকোসো জানান, স্থানীয় এয়ারলাইন ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) বিমানটি তিনজন যাত্রী ও আটজন ক্রু নিয়ে রাজধানী জাকার্তা থেকে সুলাওয়েসির মাকাসার শহরের সুলতান হাসানুদ্দিন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিল।
বিশ্বব্যাপী ফ্লাইট ট্র্যাকিং ও তথ্যসেবা প্রদানকারী এয়ার-নাভ ইন্দোনেশিয়ার তথ্যমতে, বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছে মারোস জেলার লিয়াং-লিয়াং এলাকার দুর্গম অঞ্চলে। অঞ্চলটি প্রাগৈতিহাসিক গুহা ও চুনাপাথরের পাহাড়ের জন্য সুপরিচিত।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনতারা জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মাকাসার থেকে ২৫ জন প্রশিক্ষিত সদস্য নিয়ে একটি উদ্ধারকারী দল গঠন করা হয়। পরে উদ্ধারকর্মীদের তিনটি পৃথক দলে ভাগ করে লিয়াং-লিয়াংয়ের সম্ভাব্য এলাকায় পাঠানো হয়েছে। দুর্গম পাহাড়ি অঞ্চলে অনুসন্ধান পরিচালনার জন্য আধুনিক ড্রোন ইউনিট, রেসকিউ যান এবং পার্সোনেল ট্রাক ব্যবহার করা হচ্ছে।
এডি প্রকোসো বলেন, ‘আমাদের উদ্ধারকারী দল ইতোমধ্যে চিহ্নিত স্থানাঙ্কের দিকে অগ্রসর হয়েছে। বিমান ও এর আরোহীদের অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে।’ তবে প্রতিকূল আবহাওয়া ও দুর্গম ভূপ্রকৃতি উদ্ধারকাজে বড় চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ