নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ক্যানেল থেকে ড্রামের ভেতরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মণি স্কুলসংলগ্ন জালকুড়ি সড়কের পাশের ক্যানেল থেকে ড্রামটি উদ্ধার করে।
পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দারা ক্যানেলে ভাসতে থাকা একটি ড্রাম দেখতে পেয়ে সন্দেহ করেন। বিষয়টি অস্বাভাবিক মনে হলে তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে খুলে ভেতরে একটি মরদেহ পায়। মরদেহটি পচন ধরতে শুরু করায় প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের ধারণা, যুবকটিকে হত্যা করার পর মরদেহ গুমের উদ্দেশ্যে ড্রামের ভেতরে ভরে ক্যানেলে ফেলে দেওয়া হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিকী জানান, ঘটনাটি রহস্যজনক। মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থল ও আশপাশের এলাকা ঘিরে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। আলামত সংগ্রহের পাশাপাশি সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডিকে অবহিত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ