নরসিংদীর বেলাব উপজেলায় দুই ব্যবসায়ীর মধ্যে ঝগড়ার জেরে জগত মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (দুপুরে) উপজেলার পাহাড় উজিলাব বাজারে এ ঘটনা ঘটে। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত শ্যামল প্রধানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
নিহত জগত মিয়া পাহাড় উজিলাব গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে। অভিযুক্ত শ্যামল প্রধান একই গ্রামের আলাউদ্দিন প্রধানের ছেলে।
পুলিশ জানায়, জগত মিয়া ও শ্যামল প্রধান পাহাড় উজিলাব বাজারে বিভাটেক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। জগত মিয়া বিভিন্ন সময় শ্যামলের দোকান থেকে নতুন ও পুরাতন বিভাটেক কিনে তা বিক্রি করতেন। রোববার জগতের এক ক্রেতা শ্যামলের দোকান থেকে মালামাল কিনতে গেলে এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জগত মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বারৈচা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জগত মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী শ্যামল প্রধানের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর করা হয় এবং রান্নাঘরে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ জানান, নিহত জগত মিয়া কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছিলেন। রোববার কথা কাটাকাটির একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে মারা যান। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহের সুরতাল প্রতিবেদন প্রস্তুত করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। অভিযুক্ত শ্যামল প্রধান বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ