ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীতে জাতীয় পার্টির প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হলে আন্দোলনের ঘোষণা দিয়েছেন এনসিপির সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু। তিনি বলেন, জাতীয় পার্টিকে প্রতীক বরাদ্দ দেওয়া হলে রাজশাহীতে কোনো জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দের সময় এ ঘোষণা দেন তিনি। তবে পরে রিটার্নিং কর্মকর্তা তাকে বুঝিয়ে শুনিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং নির্ধারিত প্রক্রিয়ায় প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতীক বরাদ্দ কার্যক্রম চলাকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার প্রার্থীদের নাম ও প্রতীক ঘোষণা করছিলেন। এ সময় নাহিদুল ইসলাম সাজু হঠাৎ উঠে দাঁড়িয়ে নিজের পরিচয় দিয়ে বক্তব্য দিতে শুরু করেন।
তিনি বলেন, ‘গত ১৭ বছর ধরে আমরা দেখেছি কীভাবে জাতীয় পার্টি আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হলে আমরা ডিসি অফিস ঘেরাও কর্মসূচি দেবো। রাজশাহীতে জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগের দোসর বা সহযোগীদের ভোট করতে দেওয়া হবে না। জাতীয় পার্টিকে প্রতীক বরাদ্দ দেওয়া হলে এখানে কোনো জাতীয় সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না।’
এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যের জবাবে বলেন, ‘এই দাবি তোলার সুযোগ এর আগেই ছিল। ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সময় এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিতভাবে জানানো যেত। এখন আপনারা লিখিত মতামত দিলে আমরা তা আজই প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠিয়ে দেবো।’
পরে পরিস্থিতি শান্ত হলে জেলা প্রশাসক স্বাভাবিকভাবে বাকি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ