দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আখতার হোসেন। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণা শেষে সময় সংবাদকে এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে। এ অবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।
তিনি আরও বলেন, ‘গত ৫৪ বছর ধরে বাংলাদেশের মানুষ যে রাষ্ট্র কাঠামোর মধ্যে নিপীড়িত হয়েছে, তা থেকে তারা মুক্তি চায়। একনায়কতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তে জনগণ এখন একটি অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করছে।’
নির্বাচনে অনিয়মের বিষয়ে তিনি বলেন, ‘ভ্যাট-ট্যাক্স ফাঁকি দেওয়া ব্যক্তি কিংবা ঋণখেলাপিরা যেন কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে। যারা ব্যবসার নামে কর ফাঁকি দিয়ে চলেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
এ সময় স্থানীয় সাধারণ ভোটাররা গান গেয়ে ও নানা স্লোগানে আখতার হোসেনকে নির্বাচনী মাঠে উৎসাহিত করেন।
উল্লেখ্য, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন।
এই আসনে তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন— বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা (ধানের শীষ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রগতি বর্মণ তমা (কাঁচি), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (ডাব), জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান (লাঙল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেন (হাতপাখা)।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ