পিরোজপুর-২ (কাউখালী, ভাণ্ডারিয়া, নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের (ঘোড়া প্রতীক) নির্বাচনী ক্যাম্পে হামলার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন দাবি করেছেন, বিএনপি প্রার্থীর সমর্থকরা তার ক্যাম্পে হামলা চালিয়েছেন।
মাহমুদ হোসেন জানান, নির্বাচনী প্রতীক পাওয়ার পর তিনি আজ ছারছিনা শরিফের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। এরপর স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি আলোচনা সভা চলাকালীন হামলা সংঘটিত হয়।
তার অভিযোগ, বিএনপি প্রার্থী আহমদ সোহেল মঞ্জুর সুমনের সমর্থক নাসির তালুকদার ও তার ভাইসহ আরও কয়েকজন এই হামলায় অংশ নেন। হামলাকারীরা অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন। মাহমুদ হোসেনের কর্মীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, তার নিরাপত্তার দায়িত্বে থাকা দুজন পুলিশ সদস্যের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে।
নাসির উদ্দিন তালুকদার এ বিষয়ে বলেন, “আমি কিছুই জানি না। অফিসে হামলা হয়েছে কি না, তা-ও আমার জানা নেই।”
অন্যদিকে, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, “মাহমুদ হোসেন বিএনপি থেকে বহিষ্কৃত। তিনি দলীয় ছবি ব্যবহার করে সভা করছিলেন বলে শুনেছি, তাই কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল।”
হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ