বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত স্বাধীনতার বিরোধিতা করেছিল। একাত্তরে তাদের কর্মকাণ্ডের কারণে অনেক মানুষকে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছিল এবং তারা লুটপাটেও জড়িত ছিল।
শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলার কান্দরপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি বলেন, “আমরা স্বাধীনতার পক্ষে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি। দেশ ছেড়ে যাইনি, যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। এখন জামায়াত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোটের মাঠে এসেছে। আমরা ধানের শীষের ভোট চাই। আমরা কথা নয়, কাজে বিশ্বাস করি।”
ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যা বিশেষত মা ও বোনদের জন্য সহায়ক হবে। কার্ডের মাধ্যমে চাল, ডাল, স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিশ্চিত করা হবে। এছাড়া কৃষিকার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার ও কীটনাশকের ব্যবস্থা করা হবে। ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হবে এবং নারীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো হবে।
হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে তিনি বলেন, “আমরা সবাই একই দেশের নাগরিক। আপনাদের ভয় পাবার কিছু নেই। আমরা শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করব।”
তিনি আরও উল্লেখ করেন, আগে নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রতীক নিয়ে দুই পক্ষ থাকত। এবার নৌকা নেই, নতুন দল এসেছে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে। তাই এবার ভোট হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে।
এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ অন্যান্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ