ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে সর্বমিত্র চাকমা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে রেজিস্টার্ড রিকশা চালু, যানবাহন সীমিতকরণসহ একাধিক প্রস্তাব প্রশাসনের কাছে দেন। তবে সেন্ট্রাল ফিল্ডে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সেখানে নারী শিক্ষার্থীদের হয়রানি, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, বহিরাগতদের কারণে নারী শিক্ষার্থীরা মাঠে খেলতে গিয়ে হেনস্তার শিকার হচ্ছেন। ডিএমসি সংলগ্ন দেয়াল সংস্কারের প্রস্তাবও বাস্তবায়ন হয়নি, ফলে দেয়াল টপকে বহিরাগতদের প্রবেশ অব্যাহত রয়েছে।
কিশোরদের কানে ধরিয়ে ওঠবস করানোর ঘটনায় তিনি জানান, সম্প্রতি চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হতে হয়েছিল। পদ্ধতিটি ভুল হতে পারে স্বীকার করলেও, প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে তিনি তখন বিকল্প কোনো উপায় দেখেননি বলে দাবি করেন।
পোস্টে তিনি বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে কখনো কখনো আইনের সীমার বাইরে যেতে হয়েছে, যা তার ব্যক্তিগত ও মানসিক জীবনে প্রভাব ফেলেছে। এ অবস্থায় দায়িত্ব পালন চালিয়ে যাওয়ার সক্ষমতা তার নেই বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কারো প্ররোচনা বা ব্যক্তিগত অভিমান থেকে এ সিদ্ধান্ত নেননি বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে কয়েকজন কিশোর কানে ধরে ওঠবস করছে। এ সময় হাতে লাঠি নিয়ে তাদের দিকে এগিয়ে যেতে দেখা যায় সর্বমিত্র চাকমাকে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। অনেক নেটিজেন তার কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ