ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার (২৬ জানুয়ারি ) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতি আয়োজিত আদালতের অবকাঠামো উন্নয়নকাজের শুভ উদ্বোধন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ধর্ম উপদেষ্টা বলেন, আইনের শাসন একটি জাতির উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে মব জাস্টিসের মতো অনাকাঙ্ক্ষিত সংস্কৃতির উত্থান ঘটে। জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বিচারব্যবস্থাকে সাধারণ মানুষের নাগালে আনতে সরকার নিরলসভাবে কাজ করছে। আদালতের অবকাঠামো উন্নয়ন সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ। সাতকানিয়ার শতবর্ষী আদালত ভবনের অবকাঠামোতে আমূল পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে এবং এটিকে আধুনিক বহুতল ভবনে রূপান্তর করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে প্রকৌশলী ও স্থপতিদের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারিকে ঐতিহাসিক ক্ষণ হিসেবে উল্লেখ করে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। সরকার একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। একই সঙ্গে তিনি ভালো ফলের আশা রাখার পাশাপাশি যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান।
সাতকানিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতকানিয়া আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ সিরাজ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মানিক।
অনুষ্ঠান শেষে ধর্ম উপদেষ্টা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এক্স-রে মেশিন সংযোজন কার্যক্রমেরও শুভ উদ্বোধন করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ