টাঙ্গাইলের বাসাইলে নিজ ঘরে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ জানুয়ারি) গভীর রাতে হাবলা ঘোষাখালি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তাদের ঘরের মালামাল লুটপাট করা হয়েছে।
নিহতরা হলেন মোতাহার সিকদার ওরফে ঠান্ডু মিয়া (৮৫) এবং তার স্ত্রী রেজিয়া বেগম (৬৫)। ঘটনার পর থেকে পাশের ঘরে থাকা দুই শ্রমিক পলাতক রয়েছেন।
নিহতদের নাতি শাকিল সিকদার জানান, দু’দিন আগে বোরো ধান আবাদে কাজের জন্য দুই দিনমজুর দম্পতির বাড়ির পাশে আনা হয়েছিল। মঙ্গলবার সকালে ঘরের দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করলে দম্পতিকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। ওই সময় ঘরের আলমারি ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছিল। পরে তাদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক অনুমান অনুযায়ী, নিহতদের পায়ের ব্যথার ওষুধের কথা বলে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছিল। সখিপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশিদ জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোরো আবাদে কাজ করতে আসা দিনমজুররাই এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন। তদন্ত চলমান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন সম্ভব হবে।"
স্থানীয়দের ও নিহতদের পরিবার হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ