চাঁপাইনবাবগঞ্জে ট্যাপকলে পানি নেওয়ার বিষয়কে কেন্দ্র করে নাসির উদ্দিন বাসু (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় সাতজনকে আটক করেছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে পৌর এলাকার প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন বাসু আলীনগর ভূতপুকুর মহল্লার বাসিন্দা এবং প্রান্তিকপাড়া রেলবস্তিতে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্যাপকলে পানি নেওয়া নিয়ে নাসির উদ্দিনের সঙ্গে পাশের বাসিন্দা নূরী নামের এক নারীর মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নূরী মোবাইল ফোনে কয়েকজনকে ডেকে আনে। তারা ঘটনাস্থলে এসে নাসির উদ্দিনকে লাঠিসোঁটা দিয়ে পেটালে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।
জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রহমান জানান, নাসির উদ্দিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ