জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনি ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার সূচনা করবে। তিনি বলেন, জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্ব নেতৃত্বে আসবে। জুলাই অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধের পর যে গণবিক্ষোভ তৈরি হয়েছিল, তার ফলেই একটি শক্তিশালী সরকারের পতন ঘটে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে ডিজিটাল খাতই মূল খাত। এখান থেকেই পরিবর্তন আসবে এবং অন্যান্য সব খাত এ খাতের মাধ্যমে প্রভাবিত হবে।’
নাগরিক সেবার ডিজিটালাইজেশন কাগজে-কলমে সীমাবদ্ধ থাকার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, সরকার শুধু একটি সিস্টেম তৈরি করে জনগণের হাতে তুলে দেবে, জনগণ নিজেদের মতো করে তা ব্যবহার করবে—এটাই তথ্যপ্রযুক্তির প্রকৃত শক্তি।
পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়ের তিন জেলায় আড়াই হাজার স্কুলের মধ্যে মাত্র ১২টিতে ইন্টারনেট সংযোগ ছিল। যেখানে শিক্ষক নেই, সেখানে ইন্টারনেটই শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে কাজ করতে পারে।
সবার জন্য চাকরি নিশ্চিত করার ধারণাকে ভুল উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি এক ধরনের দাসপ্রথার মতো। সরকারকে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করতে হবে।’
সরকারি চাকরির মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, কোনো সরকারি কর্মকর্তা পাঁচ বছরের বেশি একই চাকরিতে থাকলে তার মানসিকতা স্থবির হয়ে পড়ে এবং সৃজনশীলতা নষ্ট হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পরপর নতুন করে শুরু করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
জালিয়াতি প্রথা বন্ধের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, বাংলাদেশ জালিয়াতিতে সেরা হওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে এই জালিয়াতি বন্ধ করতে হবে। তিনি বলেন, ‘বাংলাদেশকে নিয়ে আমরা মাথা উঁচু করে চলতে চাই, আর সেই সামর্থ্য আমাদের রয়েছে।’
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ