কুমিল্লার চান্দিনায় বাসচাপায় এক নারী ও তার পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ও চান্দিনা উপজেলার সীমান্তবর্তী ইলিয়টগঞ্জ মুরাদনগর রাস্তার মাথা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী ও শিশুর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ধারণা করছে, তারা সম্পর্কে মা ও ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা ‘পাপিয়া সার্ভিস’ নামে একটি লোকাল বাস থেকে ওই নারী তার শিশুকে কোলে নিয়ে নামছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ‘নীলাচল’ নামের আরেকটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে নিয়ন্ত্রণ হারানো বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা দিলে ভ্যানটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, দুর্ঘটনায় জড়িত বাস ও ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যান উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ