চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সতর্কবার্তা উপেক্ষা করে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’-কে ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দর শ্রমিক-কর্মচারীরা শনিবার (৩১ জানুয়ারি) থেকে সর্বাত্মক ধর্মঘট পালন করছেন।
শ্রমিক ধর্মঘটের কারণে দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ পরিচালিত এই সমুদ্রবন্দর কার্যত স্থবির হয়ে পড়েছে। বন্দরের সব প্রবেশদ্বারই শুনশান, কোনো পণ্যবাহী ট্রাক বা কাভার্ডভ্যান প্রবেশ বা বহির্গমন হয়নি।
শ্রমিক নেতারা জানিয়েছেন, কর্মীরা কর্মস্থলে হাজিরা দিয়েছে, তবে কোনো ধরনের কাজ করেনি। সকাল ১১টার দিকে শ্রমিক সংগঠনগুলো বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে এবং সরকারকে এনসিটির বিদেশি অপারেটরের হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।
এক শ্রমিক নেতা বলেন, “আমরা হাজিরা দিয়েছি, কিন্তু কাজ করছি না। সরকারের এই সিদ্ধান্ত দেশীয় অর্থনীতির জন্য ক্ষতিকর। আমরা চাই সরকার সরে আসুক, না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।”
অন্দোলনকারীরা অভিযোগ করেছেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন টার্মিনাল বা লালদিয়ার চরে কাজ দেওয়া নিয়ে তাদের আপত্তি নেই। কিন্তু শতভাগ দেশীয় তহবিল ও লাভজনক এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। তারা মন্তব্য করেছেন, “চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দিয়ে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।”
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বন্দরের সামনে সতর্ক অবস্থানে রয়েছে।
শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, সরকার সরে না এলে বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধ করা হবে। তারা পূর্বঘোষিত দুই দিনের ধর্মঘটের অংশ হিসেবে রবিবার (১ ফেব্রুয়ারি) দফতরিক কাজও স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ