দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য সেন্টমার্টিনে আবারও নেমে আসছে দীর্ঘ নীরবতা। পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সরকার কক্সবাজারের টেকনাফ উপজেলার এই প্রবাল দ্বীপে আগামী রবিবার থেকে টানা নয় মাস পর্যটন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, শনিবার এই মৌসুমের পর্যটন কার্যক্রম শেষ হচ্ছে। ফলে আজই শেষবারের মতো পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে যাবে।
সাধারণত প্রতি বছর ১ অক্টোবর থেকে ৩১ মার্চ পর্যন্ত পর্যটক দ্বীপে যাতায়াত করতে পারেন। তবে এ বছর পরিবেশগত ঝুঁকি বিবেচনায় সময়সীমা কমিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন জানান, রবিবার থেকে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না। ভবিষ্যতে সরকার যদি সিদ্ধান্ত পরিবর্তন করে, সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, দ্বীপে রাতের বেলায় সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দ, বারবিকিউ পার্টি, কেয়ারবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুকসহ কোনো জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না।
সৈকতে মোটরসাইকেল এবং অন্যান্য মোটরচালিত যান চলাচল নিষিদ্ধ। পর্যটকদের পলিথিন বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন না করার পাশাপাশি, নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ