মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহান্তেই ইরানে সামরিক হামলার অনুমোদন দিতে পারেন বলে জানিয়েছে একাধিক সূত্র। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর নেতৃত্বকে ইতোমধ্যে এ বিষয়ে অবহিত করেছেন। এমনকি রোববার (১ ফেব্রুয়ারি) থেকেই হামলা শুরু হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।
মার্কিন সংবাদমাধ্যম ড্রপ সাইট নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আরব সরকারগুলোর পরামর্শক হিসেবে কাজ করা সাবেক এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা ড্রপ সাইট নিউজকে বলেন, এই সম্ভাব্য হামলা ইরানের পারমাণবিক অস্ত্র বা ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে নয়; বরং দেশটির শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রসহ বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আক্রমণের পরিকল্পনা করছে। তবে মূল লক্ষ্য হচ্ছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নেতৃত্ব ও সক্ষমতা ধ্বংস করা।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গঠিত আইআরজিসি বর্তমানে ইরানের রাজনীতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে।
সূত্রগুলো জানায়, ট্রাম্প প্রশাসনের ধারণা—ইরানি নেতৃত্বের ওপর সফল হামলা হলে দেশটির ভেতরে গণবিক্ষোভ শুরু হতে পারে, যা শেষ পর্যন্ত সরকার পতনের দিকে গড়াতে পারে।
সাবেক ওই গোয়েন্দা কর্মকর্তা আরও জানান, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ইরানে মার্কিন হামলার অপেক্ষায় রয়েছেন। তিনি ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন, পশ্চিমাপন্থী নতুন সরকার গঠনে ইসরাইল সহায়তা দিতে পারবে।
ড্রপ সাইট নিউজকে দুজন জ্যেষ্ঠ আরব গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, তারা এমন তথ্য পেয়েছেন যে যেকোনো মুহূর্তে ইরানে মার্কিন হামলা শুরু হতে পারে।
তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি সংঘাত এড়াতে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলো শেষ মুহূর্ত পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্ভাব্য কূটনৈতিক সমাধান নিয়ে তুরস্কের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, উত্তেজনার মধ্যেও আলোচনার একটি কাঠামো তৈরির চেষ্টা চলছে। শনিবার (৩১ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘কৃত্রিম মিডিয়া যুদ্ধের প্রচারের বাইরে থেকেও আলোচনার একটি কাঠামো গঠনের কাজ এগিয়ে চলছে।’ তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
অন্যদিকে শনিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে ব্যাপক সামরিক শক্তি জড়ো করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তেহরান এমন বিষয়ে আলোচনায় বসবে যা গ্রহণযোগ্য হতে পারে।
সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য—হামলা না হলে ইরান আরও উৎসাহিত হতে পারে—এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘কেউ কেউ এমনটা মনে করতে পারে, আবার কেউ কেউ নাও করতে পারে।’
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ