এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচারের ঘটনায় জড়িতদের ক্ষমা করে দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে নওগাঁয় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, গত পাঁচ দিন ধরে তাঁর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি দাবি করেন, তাঁর এক্স আইডি হ্যাক করে পরিবারতন্ত্র কায়েমে আগ্রহী একটি চক্র এসব অপপ্রচার চালিয়েছে এবং ইতোমধ্যে অভিযুক্তরা শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, যারা জনগণের সরকার চায় না এবং দেশকে পরাধীন করে রাখতে চায়, তারাই এক্স অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে মিথ্যাচারে লিপ্ত হয়েছে। তবে এসব অপপ্রচারের সঙ্গে জড়িতদের তিনি ক্ষমা করে দিয়েছেন বলেও জানান জামায়াত আমির।
নওগাঁবাসীর উদ্দেশে দেওয়া প্রতিশ্রুতিতে তিনি বলেন, ক্ষমতায় গেলে নওগাঁ শহরের প্রধান সড়কগুলো চার লেনে উন্নীত করা হবে এবং একটি মানসম্মত মেডিকেল কলেজ স্থাপন করা হবে। পাশাপাশি উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি। এ লক্ষ্যে আম ও লিচু প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন এবং বিদেশে রফতানির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতে মেগা প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। জনগণের অর্থ লুটপাটের সুযোগ আর কাউকে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ সুযোগ দিলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্রীদের জন্য মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ঘোষণা দিয়ে তিনি বলেন, যুব সমাজ বেকার ভাতা নয়, কর্মসংস্থান চায়। যুবকদের হাতে কাজ তুলে দেওয়াই তাদের সরকারের লক্ষ্য হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ