বাংলাদেশের সমর্থনে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বুধবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।
বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’ একই সঙ্গে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের দুটি উদ্ধৃতিও শেয়ার করেন।
বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না। খেলার মাঠে রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অত্যন্ত ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘ভারতের ক্রিকেট-সংক্রান্ত নীতি অগ্রহণযোগ্য। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদেই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তান সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে রয়েছে। এটি একটি ন্যায়সংগত ও সময়োপযোগী সিদ্ধান্ত।’
আইসিসির সিদ্ধান্তের প্রতিক্রিয়াতেই এ অবস্থান নিয়েছে পাকিস্তান বলে জানান তিনি। বাংলাদেশকে বাদ দেওয়ার প্রেক্ষাপটেই ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে বলে উল্লেখ করেন শাহবাজ শরিফ।
উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার ক্রিকেট দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানায় এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। তবে আইসিসির বোর্ড সভায় প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় প্রস্তাবটি নাকচ হয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়। ওই বোর্ড সভায় বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিল পাকিস্তান। সর্বশেষ এই ইস্যুতেই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিল দেশটি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ