মেহেরপুর-২ আসনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কারণ ছাড়াই মিথ্যা অভিযোগ দায়ের করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। এসব অভিযোগের ভিত্তিতে প্রশাসন বিএনপি নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে, যা হয়রানিমূলক বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে প্রতিপক্ষ জামায়াতে ইসলামী ও জোটের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সহিংসতা সৃষ্টির প্রস্তুতির অভিযোগ তুলেছে বিএনপি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী আমজাদ হোসেনের বাসভবনের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তার প্রধান নির্বাচনী এজেন্ট আসাদুজ্জামান বাবলু।
সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান বাবলু বলেন, প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও অভিযোগ দায়ের করছেন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন কয়েকজন নেতাকর্মীর বাড়িতে তল্লাশি চালিয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ও জোটের প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্লাস্টিকের তৈরি দাঁড়িপাল্লা প্রতীক বিভিন্ন স্থানে টানিয়ে রেখেছেন। পাশাপাশি গ্রামে গ্রামে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাঁশের লাঠি প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে, যা ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির ইঙ্গিত বহন করে।
বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাবেক সভাপতি রেজাউল হক এবং বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টোসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ