নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বর্তমানে যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “এবার কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না।”
শনিবার বিকেলে রংপুর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য এবং রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রায় ১৮ লাখ নির্বাচন কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসার বাহিনী সম্মিলিতভাবে প্রতিজ্ঞাবদ্ধ। তাদের মধ্যে সে ধরনের মানসিক প্রস্তুতিও রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, দেশের চলমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের চাপ নেই। তবে নির্বাচনকে সহজ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সবার সহযোগিতা প্রয়োজন। কমিশনের অবস্থান স্পষ্ট—নির্বাচনের পরিবেশের প্রতিকূলে যায় এমন কোনো কার্যক্রম সমর্থন করা হবে না। একই সঙ্গে জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। বড় দুই রাজনৈতিক দলের নেতারা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে পোস্টার অপসারণ ও সফর বাতিল করেছেন, যা সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিবাচক ইঙ্গিত।
তিনি জানান, রাজনৈতিক দলের নেতাদের পারস্পরিক বক্তব্য ভোটযুদ্ধের অংশ এবং রাজনৈতিক কৌশল হিসেবেই দেখা হচ্ছে। তবে সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় নির্বাচন কমিশন কোনোভাবেই আপস করবে না। শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনার কথা বলেন তিনি।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ