দায়িত্ব ছাড়ার আগেই নিজের সম্পদের বিবরণী জমা দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
শেখ বশিরউদ্দীন বলেন, উপদেষ্টা হিসেবে তিনি কোনো সরকারি গাড়ি বা বাড়ি নেননি এবং ক্ষমতার অপব্যবহারও করেননি। তিনি বলেন, “আমার সম্পদের বিবরণী ইতোমধ্যে প্রস্তুত হয়েছে। দায়িত্ব ছাড়ার আগেই তা জমা দিয়ে দেবো।”
বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আইন মেনেই তিনি এই পদে দায়িত্ব পালন করছেন। তার আগেও ২২ জন মন্ত্রী ও উপদেষ্টা বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২৩তম চেয়ারম্যান এবং একমাত্র নন বলে উল্লেখ করেন।
বিমানে ডিজিটাল জালিয়াতি রোধে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে বিমানের পরিচালনা পর্ষদে যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আসন্ন হজ মৌসুমে সৌদি আরবে হজযাত্রী পৌঁছে দেওয়ার পর ফিরতি ফ্লাইটে সাধারণ যাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে মাত্র ২০ হাজার টাকায় সৌদি আরব থেকে দেশে ফেরার সুযোগ পাবেন যাত্রীরা। এই উদ্যোগের মাধ্যমে বিমানের অতিরিক্ত প্রায় ১২০ কোটি টাকা আয় হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে শেখ বশিরউদ্দীন জানান, আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ১ লাখ কোটি টাকার পণ্য রপ্তানি করছে। এই বাজার ধরে রাখা ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বোয়িং কোম্পানি থেকে ২৫টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব উড়োজাহাজ কিনতে আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হবে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মোট ৪৭টি উড়োজাহাজ কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে আপাতত ২৫টি উড়োজাহাজ কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, চুক্তি সম্পন্ন হওয়ার পর এর শর্তাবলি ও অন্যান্য বিষয় বিস্তারিতভাবে জনসম্মুখে তুলে ধরা হবে। নির্বাচিত সরকারকে চাপমুক্ত রাখতেই নির্বাচনের মাত্র তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই বাণিজ্য চুক্তি করছে অন্তর্বর্তী সরকার।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ