ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তথ্যসেবা হেল্পলাইন ‘৩৩৩’ চালু করেছে অন্তর্বর্তী সরকার। এই নম্বরে কল করে নির্বাচনসংক্রান্ত অনিয়ম, অভিযোগ কিংবা জরুরি তথ্য জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, ভোটাররা নিজ নিজ নির্বাচনী এলাকায় সংঘটিত যে কোনো অনিয়ম, অভিযোগ বা গুরুত্বপূর্ণ তথ্য জানাতে ৩৩৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত বুধবার (৪ ফেব্রুয়ারি) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নাগরিকদের জন্য সঠিক, নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য নিশ্চিত করতে সরকারি প্রোগ্রাম এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর উদ্যোগে এই বিশেষ তথ্যসেবা চালু করা হয়েছে। নির্বাচন কমিশনের সহযোগিতায় হেল্পলাইনটি কার্যক্রম শুরু করে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে টোল ফ্রি নম্বর ৩৩৩-এ কল করে ৯ প্রেস করলে নাগরিকরা নির্বাচনসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন। এর মাধ্যমে ভোটাররা ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসীদের ভোটদানের নিয়মসহ প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা এবং জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কে জানতে পারবেন।
এদিকে গত শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা কিংবা যেকোনো তথ্য জানানোর জন্য ‘নির্বাচন বন্ধু’ হটলাইন ৩৩৩ চালু করা হয়েছে। ভোটাররা এ নম্বরে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ