আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতেই গোয়েন্দা নজরদারি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, এবারের নির্বাচনে প্রযুক্তিগত সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থার দিক থেকে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রেস সচিব বলেন, প্রতিটি ভোটকেন্দ্র গোয়েন্দা নজরদারির আওতায় থাকবে। শুধু প্রকাশ্য নিরাপত্তা নয়, প্রযুক্তিগত সব ধরনের সহায়তাও সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করা হচ্ছে।
তিনি জানান, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার নির্বাচনে বেশি সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও সক্রিয়ভাবে মাঠে থাকবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতার ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়।
শফিকুল আলম বলেন, দ্রুত রেসপন্স নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। যেকোনো পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারের মাধ্যমে ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা হবে।
তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, দেশের আপামর জনগণ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন। সরকারের বিশ্বাস, এবারের নির্বাচন হবে উৎসবমুখর এবং বাংলাদেশের ইতিহাসে ভোটের উৎসব আবার ফিরে আসবে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, এত ব্যাপক নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রস্তুতির মধ্য দিয়ে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সর্বজনগ্রাহ্য হবে বলে সরকার দৃঢ়ভাবে আশাবাদী।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ