চট্টগ্রামের অপরাধ জগতের অন্যতম নিয়ন্ত্রক ও শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের বড় ভাই ওসমান আলী ওরফে সেগুনকে ফের গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে নগরের খুলশী এলাকার ইমপেরিয়াল হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সেগুন গণপূর্ত ঠিকাদার সমিতির সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
খুলশী থানা পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করার পর নগরের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডিবি ও খুলশী থানা পুলিশের যৌথ সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে বিশেষ হেফাজতে রেখে পরবর্তী আইনি কার্যক্রমের প্রস্তুতি চলছে।
ওসমান আলী সেগুন নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকার মৃত আব্দুল গণি কন্ট্রাক্টরের ছেলে। তার বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ রয়েছে।
এর আগে গত ২৬ মে নগরের পাঁচলাইশ এলাকার একটি ক্লাব থেকে তাকে গ্রেপ্তার করেছিল র্যাব ও পুলিশ। মূলত 'ঢাকাইয়া আকবর' হিসেবে পরিচিত সন্ত্রাসী আলী আকবর হত্যা মামলায় তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গত ২৪ মে পতেঙ্গা সমুদ্রসৈকতে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় আকবর মারা গেলে তার স্ত্রী রুপালী বেগম যে হত্যা মামলাটি করেছিলেন, ওসমান আলী সেগুন সেই মামলার অন্যতম আসামি।
পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গত ৫ নভেম্বর চালিতাতলী হাজিরপোল এলাকায় রাজনৈতিক কর্মসূচি চলাকালীন সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা হত্যাকাণ্ডের পেছনেও সেগুনের হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। অপরাধ জগতের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছিল বলে তদন্তে উঠে এসেছে। মূলত এই ঘটনার বিস্তারিত তদন্তের স্বার্থেই তাকে নতুন করে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ