ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মালবোঝাই একটি পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন। সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডারপাস এলাকায় অজ্ঞাত একটি গাড়ির পেছনে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর হেলপারকেও মৃত ঘোষণা করা হয়।
সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, যশোর থেকে কাঁচামাল নিয়ে ঢাকামুখী পিকআপটি (ঢাকা মেট্রো ড-১১–৬০৭২) নিমতলা আন্ডারপাস পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনায় পিকআপের চালক সুজন (৩৭) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইছারুলকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুজন যশোর জেলার কতোয়ালী উপজেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা মিজানুর রহমানের ছেলে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনাকবলিত পিকআপটি বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, নিহত দুজনের মরদেহ থানায় রয়েছে। দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়িটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ