ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ঢাকা–১১ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি আজকের মধ্যে পরিবর্তন না করা হলে মঙ্গলবার কমিশন ঘেরাও করা হবে।
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে একটি নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, কেবল ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ ইনচার্জ, আনসার সদস্য এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন। অন্য কেউ মোবাইল ফোন বহন করতে পারবেন না।
এই নির্দেশনার সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, কার পরিকল্পনা অনুযায়ী নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত নিচ্ছে, তা জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠছে। তিনি দাবি করেন, মানুষের তথ্য জানার অধিকার ও কণ্ঠস্বর রোধ করতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাকআউট করা এবং নাগরিকদের তথ্য অধিকার সীমিত করার কোনো আইন মেনে নেওয়া হবে না।
নাহিদ ইসলাম জানান, এনসিপির প্রতিনিধিরা নির্বাচন কমিশনে যাচ্ছেন। এ সময় তিনি কমিশনকে সতর্ক করে বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়, তবে এর পরিণতি অতীতের ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের চেয়েও ভয়াবহ হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ