রংপুর-৪ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আখতার হোসেন বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা শেষে তিনি এসব কথা বলেন।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ভোট জালিয়াতিসহ অনিয়মের অধিকাংশ ঘটনাই ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে সংঘটিত হয়। এসব অনিয়ম রোধে প্রতিটি বুথে সিসিটিভি ক্যামেরা স্থাপন জরুরি।
ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তা বাতিল করা প্রয়োজন। গণমাধ্যমকর্মীদের অবাধ প্রবেশাধিকার নিশ্চিত না হলে স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ পর্যায়ে কাউনিয়া ও পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আখতার হোসেন। এ সময় তিনি ভোটারদের কাছে নিজের নির্বাচনী প্রতীক শাপলা কলিতে ভোট প্রার্থনা করেন এবং নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। প্রচারণায় জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচন করছেন আখতার হোসেন। এ আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা (ধানের শীষ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রগতি বর্মণ তমা (কাঁচি), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জল চন্দ্র রায় (ডাব), জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেন (হাতপাখা)।
রংপুর-৪ আসনটি পীরগাছা উপজেলা, কাউনিয়া উপজেলা ও হারাগাছ পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪ হাজার ৭৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৯৫৪ জন, নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৭৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৬৩টি।
তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি। প্রচারণা চলবে আগামীকাল ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ