নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে নির্বাচিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদ বলেছেন, হাতিয়ার মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যে অবস্থান নিয়েছে, সেটিই তাদের প্রকৃত বিজয়। তিনি বলেন, যারা সন্ত্রাসের মাধ্যমে প্রভাব বিস্তার করতে চায়, তারা বেশি দিন তা চালিয়ে যেতে পারবে না।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আয়োজিত বিজয়ী পথসভায় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হান্নান মাসউদ অভিযোগ করেন, নির্বাচনের সময় অনেক ভোটার বাধার মুখেও ভোট দিয়েছেন। তিনি বলেন, “হাতিয়ার মানুষ নানা বাধা উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগ করেছে। এটাই প্রমাণ করে তারা সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”
বক্তব্যে তিনি আরও বলেন, “তারা মনে করেছে দল ক্ষমতায় এসেছে, তাই যা ইচ্ছা তা করতে পারবে। কিন্তু হাতিয়ার মানুষ কাউকে অন্যায় করতে দেবে না।” একই সঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে যে সরকারই থাকুক, হাতিয়ার মানুষের স্বার্থ রক্ষায় আমরা কাজ করব।”
সংঘাত নয়, শান্তিপূর্ণ পরিবেশ চান উল্লেখ করে এনসিপির এ নেতা বলেন, “আমরা হানাহানি চাই না, আমরা শান্তি চাই। চাঁদাবাজি বা অনিয়ম যে-ই করুক, তার বিরুদ্ধে আমরা অবস্থান নেব।”
হান্নান মাসউদ আরও বলেন, হাতিয়ার মানুষ দীর্ঘদিন অবহেলা ও নিপীড়নের শিকার হয়েছে। তিনি তাদের অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ঘাট সিন্ডিকেট বন্ধ রাখা এবং আগামী সাড়ে তিন মাসের মধ্যে সাড়ে ১১ কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন করারও আশ্বাস দেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৪ হাজার ২১ ভোট। বাকি আট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ