নতুন সরকার গঠনের অংশ হিসেবে শপথ নিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সংসদ ভবনে পৌঁছান। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সংসদ ভবনের উদ্দেশে রওয়ানা হন তিনি।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে নবনির্বাচিত সংসদ সদস্যরা তিন ধাপে, প্রতি ধাপে ১০০ জন করে শপথ নেবেন। এরপর দুপুরে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচিত করা হবে।
বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন। পরে সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।
সাধারণত বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলেও এবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত পরিবেশে এই আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সেখানে অস্থায়ী মঞ্চ ও ভিভিআইপি জোন নির্মাণ করা হয়েছে। দেশি-বিদেশি প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্য দিয়ে ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে দলটি। অন্যদিকে ৬৮টি আসন পেয়ে সংসদের প্রধান বিরোধী দল হচ্ছে জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমান দায়িত্ব নিতে যাচ্ছেন।
এর আগে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অংশ হিসেবে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজকের শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে পারে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ